আর্জেন্টিনা ২ (মোলিনা, মেসি-পেনাল্টি)
নেদারল্যান্ডস ২ (উইঘর্স্ট-২)
টাইব্রেকারে আর্জেন্টিনা ৪-৩ ব্যবধানে জয়ী।
সন্ধান২৪.কমঃ মেসির আর্জেন্টিনা বিশ্বকাপের সেমিফাইনালে । মেসিরা কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়েছেন ।শেষে টাইব্রেকারে জিতে সেমিফাইনালে গেলেন মেসিরা । ১২০ মিনিটে খেলার ফয়সালা হয়নি।

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে নাটকের পর নাটক। প্রথমে আর্জেন্টিনা এগোল ২ গোলে। দেখে মনে হচ্ছিল, বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন লিয়োনেল মেসিরা। কিন্তু শেষ দিকে ২ গোল শোধ করল নেদারল্যান্ডস। খেলা গড়াল অতিরিক্ত সময়ে। সেখানেও হল না গোল। শেষ পর্যন্ত টাইব্রেকারে হল ম্যাচের ফয়সালা। নেদারল্যান্ডসকে ৪-৩ ব্য়বধানে হারিয়ে সেমিফাইনালে গেলেন মেসিরা। মেসি বল ধরলেই ছেঁকে ধরছিলেন তিন থেকে চার জন কমলা জার্সি পরা ফুটবলাররা। কিন্তু তাঁকে আটকাতে পারলেন না ফান হাল। জোনাল মার্কিং ভেঙে বেরিয়ে গোল করালেন। আবার পেনাল্টি থেকে গোল করলেন।

খেলার শুরু থেকে দু’দলই রক্ষণ মজবুত রেখে আক্রমণে ওঠার চেষ্টা করছিল। ছোট ছোট পাস খেলছিল দু’দল। নেদারল্যান্ডস দু’প্রান্ত ব্যবহার করে আক্রমণে উঠছিল। প্রথম ২০ মিনিটে দু’বার আর্জেন্টিনার বক্সে ঢুকে পড়েন মেম্ফিস দেপাই, কোডি গাকপোরা। কিন্তু খুব একটা সমস্যায় পড়তে হয়নি এমিলিয়ানো মার্তিনেসকে।
মাঝে মধ্যে খেলার গতি খুব মন্থর হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত মেসির জাদুতে ৩৪ মিনিটের মাথায় এগিয়ে যায় আর্জেন্টিনা।
প্রথমার্ধে আর্জেন্টিনা আরও দু’বার নেদারল্যান্ডসের গোলের কাছে পৌঁছে যায়। মেসির ডান পায়ের শট গোলরক্ষক আটকে দেন। অন্য দিকে প্রথমার্ধের শেষ দিকে তিনটি ফ্রিকিক পায় নেদারল্যান্ডস। কিন্তু সেখান থেকে ফসল তুলতে পারেনি তারা। ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে সাজঘরে যায় আর্জেন্টিনা।


